গুগল ডকসে আসছে ইমোজি রিঅ্যাকশন

৬ এপ্রিল, ২০২২ ২২:৫২  
গুগল ডকসে আসছে ইমোজি রিঅ্যাকশন সুবিধা। এর ফলে মন্তব্য লেখার পরিবর্তে সাধারণ চিহ্ন ব্যবহার করে যেকোনো টেক্সট সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করা যাবে। খবর দ্য ভার্জ। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, সর্বশেষ সংস্করণে উন্মুক্ত হওয়া সকল ইমোজি গুগল ডকসে পাওয়া যাবে। ‘অ্যাড কমেন্ট’ এবং ‘সাজেস্ট এডিট’ অপশনের পাশাপাশি তৃতীয় অপশন হিসেবে ইমোজি রিঅ্যাকশন ফিচার দেখা যাবে। এছাড়া ব্যবহারকারী টাইপ করেও ইমোজি ক্যাটালগ সার্চ করতে পারবেন। গুগল বলছে, নতুন এই ফিচারটি ‘লেস ফরমাল’ মন্তব্যের বিকল্প হিসেবে কাজ করবে। আধুনিক সফটওয়্যারগুলো, আইমেসেজ, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন মেসেজিং অ্যাপস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে ইমোজি রিঅ্যাকশন। গুগল ডকসে নতুন এই ফিচারটির মাধ্যমে রিমোট ওয়ার্কিং কোলাবোরেশন আরও আনন্দের হবে। ডিবিটেক/বিএমটি